Logo

বিশ্বকাপ : লাল কার্ড দেখলেই সমর্থকদের জন্য ফ্রি পিৎজার ঘোষণা

profile picture
ক্রীড়া ডেস্ক
৯ জুন, ২০২৬, ২২:১২
বিশ্বকাপ : লাল কার্ড দেখলেই সমর্থকদের জন্য ফ্রি পিৎজার ঘোষণা
ছবি : জনবাণী গ্রাফিক্স

আসন্ন বিশ্বকাপকে ঘিরে ফুটবল সমর্থকদের জন্য ব্যতিক্রমী এক প্রচারণা শুরু করেছে জনপ্রিয় পিৎজা ব্র্যান্ড ডমিনোজ। টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্র পুরুষ জাতীয় ফুটবল দলের কোনো খেলোয়াড় লাল কার্ড পেলে নিবন্ধিত সমর্থকদের বিনামূল্যে পিৎজা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

ডমিনোজ জানিয়েছে, ম্যাচে কোনো খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলকে একজন কম নিয়ে খেলতে হয়, যা সমর্থকদের জন্য হতাশাজনক পরিস্থিতি তৈরি করে। সেই হতাশা কিছুটা লাঘব করতেই ‘ইমারজেন্সি পিৎজা’ কর্মসূচি চালু করা হয়েছে।

প্রচারণার শর্ত অনুযায়ী, বিশ্বকাপের যেকোনো ধাপে যুক্তরাষ্ট্র দলের কোনো ফুটবলার সরাসরি লাল কার্ড দেখলে আগে থেকে নিবন্ধন করা সমর্থকরা ফ্রি পিৎজা পাওয়ার সুযোগ পাবেন। এ সুবিধা পেতে নির্ধারিত সময়ের মধ্যে অফারে নাম নিবন্ধন করতে হবে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার (১০ জুন) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সমর্থকরা এই বিশেষ অফারের জন্য নিবন্ধন করতে পারবেন। নির্ধারিত সময়ের মধ্যে সাইন আপ সম্পন্ন করলেই তারা অফারের আওতায় বিবেচিত হবেন।

এর আগে গত ১৮ মে ডমিনোজ আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার ঘোষণা দেয়। সে সময় প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র দলের কোনো খেলোয়াড় বিশ্বকাপের ম্যাচে লাল কার্ড পেলে তারা সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার মূল্যের ‘ইমারজেন্সি পিৎজা’ বিতরণ করবে।

বিজ্ঞাপন

এই কর্মসূচির আওতায় মোট ৬০ হাজার সমর্থককে বিনামূল্যে মিডিয়াম সাইজের দুই টপিংযুক্ত পিৎজা দেওয়া হবে। ফলে বিশ্বকাপের উত্তেজনার পাশাপাশি সমর্থকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে ডমিনোজের এই ব্যতিক্রমী উদ্যোগ।

ক্রীড়া বিপণন বিশ্লেষকদের মতে, বড় আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে সমর্থকদের সম্পৃক্ত করতে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের প্রচারণা চালিয়ে থাকে। তবে দলের কোনো খেলোয়াড় লাল কার্ড পাওয়ার মতো নেতিবাচক ঘটনার সঙ্গে পুরস্কার যুক্ত করার এই উদ্যোগ বেশ অভিনব এবং ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD