রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল পল্লি চিকিৎসকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় বখতিয়ার হোসেন বেল্টু (৫৫) নামে এক পল্লি চিকিৎসকের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (২৭ মে) দুপুরে উপজেলার কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের শ্রীরামপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বখতিয়ার হোসেন বেল্টু উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত শেখ শফিউদ্দিনের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বখতিয়ার হোসেন বেল্টু সকালে বাইসাইকেলে করে জগন্নাথপুর গ্রামে রোগী দেখতে যান। রোগী দেখে দুপুরে বাড়ি ফেরার পথে শ্রীরামপুর ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
কালিদাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এলাকায় পল্লি চিকিৎসক হিসেবে সেবা দিয়ে আসছিলেন বেল্টু। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘাতক পিকআপটি আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








