পৃথক দুর্ঘটনায় গাজীপুরে সবজি ব্যবসায়ী ও নারীর মৃত্যু

গাজীপুরে পৃথক তিনটি দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী ও এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। একদিনেই একাধিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাপাসিয়া বাজারের কাঁচামাল ব্যবসায়ী মো. নুরুল ইসলাম (৪৫) নিহত হন।
স্থানীয় ব্যবসায়ী চিত্ত রঞ্জন সাহা জানান, নুরুল ইসলাম গাজীপুর চৌরাস্তা থেকে পিকআপে মালামাল নিয়ে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় পিকআপের একটি চাকা পাংচার হয়ে গেলে চালক রাস্তার পাশে মেরামতের কাজ শুরু করেন। এ সময় নুরুল ইসলাম গাড়ির পেছনে দাঁড়িয়ে থাকলে দ্রুতগতির আরেকটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একই দিনে সকাল সাড়ে ৭টার দিকে কাপাসিয়া উপজেলার জলপাইতলা এলাকায় ‘পথের সাথী রাজদূত’ পরিবহনের একটি বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন। আহতদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক, যিনি দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী ছিলেন, জানান, সময়মতো গন্তব্যে পৌঁছানোর চাপ ও চালকের অসতর্কতা দুর্ঘটনার কারণ হতে পারে। তার মতে, বাসটি বিদ্যুতের খুঁটিতে আটকে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে, নাহলে এটি খাদে পড়ে যেতে পারত।
বিজ্ঞাপন
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে একই দিন ভোরে কাপাসিয়া উপজেলার উরুল এলাকায় ইয়াসমিন আসমা (৫০) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, নিজ বাড়ির শয়নকক্ষে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে চার্জারের ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৃথক এসব দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা সড়ক নিরাপত্তা ও বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে আরও সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন।








