আগামীকাল ঢাকায় জশনে জুলুছ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী ঢাকায় রবিবার (২৩ আগস্ট) বর্ণাঢ্য জশনে জুলুছ অনুষ্ঠিত হবে। অরাজনৈতিক দ্বীনি প্রতিষ্ঠান আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ঢাকা শাখা ৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে এ আয়োজন করেছে।
বিজ্ঞাপন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকাল ১০টায় মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসা থেকে জশনে জুলুছের যাত্রা শুরু হবে।
জুলুছটি টিক্কাপাড়া, রিং রোড, শিয়া মসজিদ, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, সাতমসজিদ রোড, ধানমণ্ডি-২৭ নম্বর সড়ক, মিরপুর রোড, আসাদ গেট ও কলেজ গেট হয়ে শ্যামলী এলাকায় পৌঁছাবে। এরপর শ্যামলী ক্লাব মাঠে গিয়ে এর আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
শ্যামলী ক্লাব মাঠে জুলুছের সমাপনী পর্বে পবিত্র মাহফিল, জোহরের নামাজ ও বিশেষ দোয়ার আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
বিজ্ঞাপন
জশনে জুলুছের ছদারত করবেন আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে বাঙ্গাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ.)। বিশেষভাবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মা.জি.আ.) এবং আওলাদে রাসুল সাহেবজাদা হযরতুলহাজ্ব সৈয়্যদ আকিব আহমদ শাহ (মা.জি.আ.)।
আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ মানুষের সামনে তুলে ধরার উদ্দেশ্যে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও এ আয়োজন করা হয়েছে।
জশনে জুলুছ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে অংশগ্রহণকারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকরা।








