Logo

স্বর্ণপদক পেলেন শিশু সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ অক্টোবর, ২০২৬, ২২:৪১
স্বর্ণপদক পেলেন শিশু সার্জন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ
ছবি প্রতিনিধি।

২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক লাভ করেছেন দেশের প্রখ্যাত শিশু শল্যচিকিৎসক অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জনস, বাংলাদেশের বার্ষিক সম্মেলনে তাকে এই স্বর্ণপদক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

শিশু শল্যচিকিৎসক হিসেবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে চিকিৎসাসেবা ও শিক্ষাদানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ। দীর্ঘ কর্মজীবনে তিনি শিশুদের শল্যচিকিৎসাসেবায় অবদান রাখার পাশাপাশি চিকিৎসা শিক্ষার ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সর্বশেষ তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

অধ্যাপক ডা. মোস্তাক আহমেদ অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জনস, বাংলাদেশের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনটির মহাসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। শিশু শল্যচিকিৎসার ক্ষেত্রে দীর্ঘদিনের পেশাগত অবদান এবং চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে ২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।

চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. সাহাদাত হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, গ্লোবাল ইনিশিয়েটিভ ফর চিলড্রেনস সার্জারির সভাপতি অধ্যাপক তাহমিনা বানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. মো. জাহিরুল ইসলাম সাকিল।

বিজ্ঞাপন

সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব পেডিয়েট্রিক সার্জনস, বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মো. আবু জাফর।

বার্ষিক এই সম্মেলনে দেশের শিশু শল্যচিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখা চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় অধ্যাপক ডা. মোস্তাক আহমেদকে ২০২৬ সালের অধ্যাপক কাজী কামরুজ্জামান স্বর্ণপদক প্রদান করা হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD