Logo

আরও দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুন, ২০২৬, ১৩:২০
আরও দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতার ঘটনায় হবিগঞ্জে দায়ের করা আরও দুটি মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বিজ্ঞাপন

জানা গেছে, তার পক্ষে আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন জমা দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এর আগে গত ১১ মে রাজধানীর মিরপুর থানায় দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেন আদালত।

বিজ্ঞাপন

আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ ওই আদেশ দেন। সে সময় জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম লিটন আহমেদ।

২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

বিজ্ঞাপন

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে মিরপুর থানার একটি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে আদালত তাকে জামিন দিয়ে রুল জারি করেন। পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD