নতুন মামলায় গ্রেপ্তার কণ্ঠশিল্পী মমতাজ

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পর এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক মমতাজ বেগমকে আদালতে হাজির করে মামলাটিতে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলার ঘটনার সঙ্গে আসামির সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্ত চলমান থাকায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। একই সঙ্গে মামলার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিং কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগ-সমর্থিত ব্যক্তিরা হামলা ও গুলিবর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন গুরুতর আহত হন। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
লোকসংগীতশিল্পী মমতাজ বেগম রাজনীতিতেও সক্রিয় ছিলেন। ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন তিনি। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হন।
বিজ্ঞাপন
তবে ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।








