Logo

গাড়ি চালককে পিটিয়ে জখম করলেন বিচারক সোহেল রানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ আগস্ট, ২০২৬, ১৬:১৪
গাড়ি চালককে পিটিয়ে জখম করলেন বিচারক সোহেল রানা
ছবি: সংগৃহীত

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক সোহেল রানার বিরুদ্ধে তার নিজ সরকারি গাড়িচালক মো. আলী হোসেন বাচ্চুকে খাস কামরায় ডেকে মারধর ও জখম করার মারাত্মক অভিযোগ উঠেছে। তবে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ মারধরের এই ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী চালক আলী হোসেন বাচ্চু জানান, রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে বিচারকের পিয়ন তাকে খাস কামরায় ডেকে নিয়ে যান। সেখানে লগবইয়ে গাড়ির শিডিউল সময় নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে বিচারক সোহেল রানা ক্ষিপ্ত হয়ে তার চোখে ঘুষি ও কানে থাপ্পড় মারেন। পরবর্তীতে পিয়ন তাকে টেনে সরিয়ে দেয় এবং গালিগালাজ করে বের করে দেয়।

চালক বাচ্চুর অভিযোগ, বিচারকের অনিয়ম ও সরকারি তেলের বরাদ্দ সংক্রান্ত হিসাব নিয়ে আপত্তি জানানোয় তার ওপর এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, "সরকারি বরাদ্দ ১৮০ লিটার তেলের বদলে প্রতি মাসে ৫০-৬০ লিটার ব্যবহার করে বাকি টাকা তুলে নেওয়া হতো। এসব বিষয়ে কথা বলা এবং অনৈতিক কার্যক্রমের বিরোধিতা করায় তিনি আমাকে সহ্য করতে পারতেন না।"

মারধরের শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় বাচ্চুকে প্রথমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর চালক আব্দুর রহিমসহ সহকর্মীরা উদ্ধার করেন। পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, যেখানে তার এক চোখে ব্যান্ডেজ করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু ও ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী চালক।

বিজ্ঞাপন

অন্যদিকে ঘটনাটি অস্বীকার করে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের প্রতিনিধি ইশতিয়াক হোসেন জনি জানান, গাড়ি পরিষ্কার না করা নিয়ে বিচারক তাকে খাস কামরায় ডেকে শুধু ধমক দিয়ে বের করে দিয়েছিলেন। মারধরের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD