কবর থেকে তোলা হবে গণপিটুনিতে নিহত সেলিম খান-শান্ত খানের মরদেহ

চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ কবর থেকে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়ে চাঁদপুর জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। জেলা প্রশাসক ওই আবেদন অনুমোদন করেছেন। তবে ঠিক কবে সেলিম খান ও শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে, তা পরে জানানো হবে।
চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ দাফন করা হয়েছিল তাদের নিজ বাড়ি সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে।
বিজ্ঞাপন
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় সেলিম খান ও শান্ত খান বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজার এলাকায় জনরোষের মুখে পড়েন। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা জনতার মুখোমুখি হন। সেখানে গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। ওই সময় পরিস্থিতির কারণে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন। তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান ছিল বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আদালতের নির্দেশ এবং জেলা প্রশাসকের অনুমোদনের পর এখন সেলিম খান ও তার ছেলে শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে। ময়নাতদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। একই সঙ্গে মৃত্যুর ঘটনা ঘিরে চলমান আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহেও এই ময়নাতদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।








