ভোজ্যতেলের নতুন মূল্য ঘোষণা

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। প্রতি লিটার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ৬ ও ৭ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা বৃদ্ধি পেয়ে ১৬৬ টাকায় নির্ধারণ করা হয়েছে। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ৩৩ টাকা বাড়িয়ে ৯৫৫ টাকা করা হয়েছে। নতুন দাম সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।
বিজ্ঞাপন
রবিবার (৭ ডিসেম্বর) ভোজ্যতেলের দাম বাড়িয়ে সংবাদ দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ৬ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেল প্রতি লিটারে ৭ টাকা বাড়িয়ে ১৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাজারে পাঁচ লিটারের প্রতি বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৬ টাকা।
বিজ্ঞাপন
এর আগে কোনো ঘোষণা ছাড়াই এককভাবে দাম বাড়ানোর কারণে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি পূর্ব ঘোষণা ছাড়া করা হলে তা গ্রহণযোগ্য নয়।
নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে সয়াবিন তেল ও পাম তেলের দামে সামঞ্জস্য ফিরে আসার আশা প্রকাশ করা হয়েছে।








