আসন্ন ঈদে শপিংমলগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি

আসন্ন ঈদুল আজহা সামনে রেখে দেশের শপিংমলগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি আজহারুল হক আজাদ এ তথ্য জানান।
বিজ্ঞাপন
এফইএবি বলছে, ঈদ মৌসুমে দেশীয় ফ্যাশন ও লাইফস্টাইল খাতে বাণিজ্যিক কার্যক্রম সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এটি বছরের অন্যতম প্রধান বিক্রয় সময় হওয়ায় সময়সূচি বাস্তব পরিস্থিতি অনুযায়ী পুনর্বিন্যাস করা প্রয়োজন।
আরও পড়ুন: আজকের মুদ্রার দর : ৫ মে ২০২৬
সংগঠনটির পর্যবেক্ষণে বলা হয়, শপিংমলগুলোর মোট বিক্রয়ের প্রায় ৬০ শতাংশই হয় সন্ধ্যার পর। দিনের বেলায় তীব্র গরম ও কর্মব্যস্ততার কারণে ক্রেতা উপস্থিতি তুলনামূলক কম থাকে। কিন্তু বর্তমান সময়সূচি অনুযায়ী সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল বন্ধ হয়ে যাওয়ায় বিক্রয়ের বড় অংশ হারিয়ে যাচ্ছে। এতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়ছেন।
বিজ্ঞাপন
এফইএবি আরও জানায়, পাড়া-মহল্লার দোকান, রেস্টুরেন্ট, খোলা বাজার ও অস্থায়ী মেলা রাত পর্যন্ত চালু থাকায় শপিংমলের জন্য আলাদা সময়সীমা একটি অসম প্রতিযোগিতার পরিবেশ তৈরি করছে।
এই পরিস্থিতিতে সংগঠনটি প্রস্তাব দিয়েছে, শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান দুপুর ১টা থেকে কার্যক্রম শুরু করে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হোক।
তাদের মতে, এই সিদ্ধান্ত কার্যকর হলে একদিকে জ্বালানি সাশ্রয়ের বিষয়টি আংশিকভাবে বজায় থাকবে, অন্যদিকে ঈদ মৌসুমে ব্যবসা-বাণিজ্যের গতি স্বাভাবিক থাকবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দেশের বাজারে ফের কমলো সোনার দাম
এফইএবি মনে করে, এই সময়সূচি ক্ষুদ্র উদ্যোক্তা, দেশীয় ব্র্যান্ড, নারী উদ্যোক্তা এবং বৃহৎ কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সংগঠনটি ঈদ সামনে রেখে শপিংমলের সময়সূচি বাস্তবসম্মতভাবে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।








