বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের

ডিজিটাল লেনদেন আরও সুশৃঙ্খল করতে ‘বাংলা কিউআর’ ব্যবহারের মাধ্যমে পণ্য ও সেবার মূল্য পরিশোধে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলা কিউআর কোড ব্যবহার করে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক বা সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) আদায় করতে পারবে। এই হারের মধ্যেই মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-২ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) এবং আন্তর্জাতিক পেমেন্ট স্কিম পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে জারি করা পিএসডি সার্কুলার নং-২/২০২৫-এর অন্যান্য ফি, চার্জ ও শর্তাবলি অপরিবর্তিত থাকবে। তবে বাংলা কিউআরভিত্তিক লেনদেনের ক্ষেত্রে মার্চেন্টের কাছ থেকে আদায়যোগ্য এমডিআরের সর্বনিম্ন হার ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এই নির্দেশনা ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে সম্পন্ন হওয়া মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞাপন
সার্কুলারে আরও বলা হয়েছে, দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়নের স্বার্থে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান চাইলে নিজস্ব উদ্যোগে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচি, প্রমোশনাল ক্যাম্পেইন কিংবা বিশেষ ছাড়ের সুবিধা চালু করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। এর ফলে বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে মার্চেন্টদের জন্য ফি কাঠামো আরও সুস্পষ্ট হবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার কার্যক্রমে সমন্বয় ও স্বচ্ছতা বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








