ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী চীনের ৩ প্রতিষ্ঠান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চলমান আর্থিক সংকট কাটিয়ে নির্মাণকাজ দ্রুত শেষ করতে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে চীনের শ্যানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক এবং একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এ বিষয়ে বাংলাদেশ সেতু বিভাগের সঙ্গে তাদের প্রতিনিধিদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই)-এর শেয়ার হস্তান্তরসংক্রান্ত আইনি জটিলতার কারণে বর্তমানে সিঙ্গাপুরে সালিশি (আরবিট্রেশন) কার্যক্রম চলছে।
এই আইনি প্রক্রিয়ার প্রভাবেই গত দুই বছরেরও বেশি সময় ধরে প্রকল্পে অর্থায়নকারী দুটি চীনা ব্যাংকের ঋণের কিস্তি ছাড় বন্ধ রয়েছে। ফলে প্রকল্পটির আর্থিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে এসব প্রতিবন্ধকতার মধ্যেও বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে প্রকল্পের নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
গত ২৯ জুলাই বাংলাদেশ সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বৈঠকে প্রকল্পটির বিকল্প অর্থায়নের সম্ভাবনা, ভবিষ্যৎ বিনিয়োগ এবং নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সেতু বিভাগের সচিব বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে অংশটি ইতোমধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে, সেখানে প্রত্যাশার তুলনায় বেশি সংখ্যক যানবাহন চলাচল করছে।
বিজ্ঞাপন
তার মতে, পুরো এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শেষ হয়ে সম্পূর্ণ চালু হলে যানবাহনের সংখ্যা আরও বাড়বে এবং প্রকল্পে বিনিয়োগ করা অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনাও অনেক বেশি থাকবে।
বৈঠকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন সেখ, প্রধান প্রকৌশলী এ এইচ এম এস আকতারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে চীনের ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।
সংশ্লিষ্টদের মতে, চীনের নতুন বিনিয়োগ আগ্রহ বাস্তবে রূপ নিলে দীর্ঘদিন ধরে অর্থসংকটে থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে নতুন গতি আসতে পারে। একই সঙ্গে চলমান আর্থিক জটিলতা নিরসন হলে প্রকল্পের অবশিষ্ট অংশ দ্রুত সম্পন্ন করার পথও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।








