Logo

একসঙ্গে বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ আগস্ট, ২০২৬, ১৭:০৬
একসঙ্গে বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা
ছবি: সংগৃহীত

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৭ কর্মকর্তাকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই ঘটনায় আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এত কর্মকর্তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘটনা এটিই প্রথম বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্টদের বুধবার (১৯ আগস্ট) আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, গত বছরের ৫ মার্চ বিএসইসির তৎকালীন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কয়েকজন কমিশনারকে কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনায় মোট ২২ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসর এবং পাঁচজনকে সর্বনিম্ন বেতন গ্রেডে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এর আগে ওই ঘটনার পর ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা নগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। তৎকালীন বিএসইসি চেয়ারম্যানের নিরাপত্তায় নিয়োজিত গানম্যান আশিকুর রহমান মামলাটি করেন।

বিজ্ঞাপন

ফৌজদারি মামলার পাশাপাশি সরকারি বিধি অনুসারে ঘটনা তদন্ত ও বিভাগীয় কার্যক্রমও শুরু করা হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তদন্তের পাশাপাশি অভিযুক্ত কর্মকর্তা ও অভিযোগকারীদের বক্তব্য নেওয়া হয়। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসইসিকে নির্দেশনা দেওয়া হয়।

এই ২৩ জনের মধ্যে ২২ জনের বিরুদ্ধে মঙ্গলবার ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর একজন কর্মকর্তা আগেই ভিন্ন একটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তাঁর বিরুদ্ধে নতুন করে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

কী ঘটেছিল গত বছরের ৫ মার্চ?

বিজ্ঞাপন

গত বছরের ৫ মার্চ বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ তৎকালীন চেয়ারম্যান ও কমিশনারদের চার ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

বিএসইসির তৎকালীন নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদকে কেন্দ্র করে ওই পরিস্থিতির সৃষ্টি হয়। পরে কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দাবি-দাওয়া জানান এবং কর্মবিরতিও পালন করেন। এর ফলে কয়েক দিন বিএসইসিতে অস্থির পরিবেশ বিরাজ করে।

মামলার অভিযোগে বলা হয়েছিল, কমিশনের নির্ধারিত সভাকক্ষে চেয়ারম্যান ও কমিশনারদের বৈঠক চলার সময় অভিযুক্ত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী সেখানে জোরপূর্বক প্রবেশ করে তাঁদের অবরুদ্ধ করেন। পরে কমিশনের প্রধান ফটকে তালা দেওয়া, সিসিটিভি ক্যামেরা, ওয়াই-ফাই ও লিফট বন্ধ করে দেওয়া এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়।

বিজ্ঞাপন

বিএসইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবারই তাঁদের শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি জানানো হয়। তবে আনুষ্ঠানিক আদেশের চিঠি বুধবার হাতে পান তাঁরা। কেউ কেউ আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ে গিয়ে সরাসরি চিঠি গ্রহণ করেন।

সরকারি তদন্ত ও বিভাগীয় প্রক্রিয়া শেষে নেওয়া এই সিদ্ধান্তে বিএসইসিতে একসঙ্গে বিপুলসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা কার্যকর হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD