বিশ্ববাজারে কমল তেলের দাম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে—এমন সম্ভাবনার মধ্যেই সপ্তাহের প্রথম কার্যদিবসে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বাজারসংশ্লিষ্টদের নজর এখন সম্ভাব্য মার্কিন পদক্ষেপ এবং এর প্রভাবের দিকে।
বিজ্ঞাপন
সোমবার (২৪ আগস্ট) এশিয়ার প্রাথমিক লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দামই ১ শতাংশের বেশি কমে যায়।
লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম কমে দাঁড়ায় ৮৬ দশমিক ১৪ ডলারে।
এর আগে শুক্রবার বাজার বন্ধ হওয়ার সময় ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৯৪ দশমিক ৩৯ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ছিল ৮৭ দশমিক ০৬ ডলার। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে—এমন আশঙ্কায় গত সপ্তাহে জ্বালানি তেলের বাজারে দাম বাড়ার প্রবণতা দেখা গিয়েছিল।
বিজ্ঞাপন
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে বড় পরিসরের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। তবে নিষেধাজ্ঞার ধরন এবং এর আওতা স্পষ্ট না হওয়া পর্যন্ত এর প্রভাব নিয়ে বাজারে অনিশ্চয়তা থাকছে।
বিশ্লেষকদের মতে, নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি কতটা ব্যাহত করে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব কতটা পড়ে, তার ওপর আগামী দিনে তেলের দামের গতিপথ অনেকাংশে নির্ভর করবে।
বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনে কোনো ধরনের বাধা বা নতুন অনিশ্চয়তা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে পারে। এতে তেলের দামে আবারও বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।








