Logo

২০২৭ সালের পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির গল্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ জুন, ২০২৬, ২১:৫১
২০২৭ সালের পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির গল্প
শহীদ ওসমান হাদি | ফাইল ছবি

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্ব ও জীবনসংগ্রাম সংক্রান্ত কোনো অধ্যায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উচ্চপর্যায়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পাঠ্যবইয়ের চূড়ান্ত সম্পাদনা ও পরিকল্পনা প্রক্রিয়ায় এ বিষয়টি স্থান পায়নি।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য পাঠ্যবই প্রস্তুতের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত এনসিটিবির সর্বশেষ উচ্চপর্যায়ের সভায় বিভিন্ন পাঠ্যবইয়ের বিষয়বস্তু, সংযোজন ও সংশোধন নিয়ে আলোচনা হলেও শরীফ ওসমান বিন হাদিকে অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচ্যসূচিতে ছিল না।

তবে ভবিষ্যতে এ বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে। ২০২৮ শিক্ষাবর্ষে পাঠ্যবইয়ে তার জীবন ও অবদান যুক্ত হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে গঠিত পরিকল্পনা কমিটি এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটিগুলো সিদ্ধান্ত নেবে।

বিজ্ঞাপন

এদিকে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নবম ও দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ এবং ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ শীর্ষক রচনার আলোকে নতুন পাঠ অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে।

এ ছাড়া প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ‘আমাদের স্মরণীয় নেতা’ অধ্যায়ে চার জাতীয় নেতার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিষয়ও যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে একই অধ্যায়ে শরীফ ওসমান বিন হাদির বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এনসিটিবির প্রাথমিক শিক্ষাক্রম উইংয়ের সদস্য অধ্যাপক ড. মো. ইকবাল হায়দার জানিয়েছেন, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক স্তরের পাঠ্যবই সম্পাদনার কাজ সম্পূর্ণ হয়েছে। ফলে বর্তমানে নতুন কোনো বিষয় সংযোজনের সুযোগ নেই। তার ভাষ্য অনুযায়ী, প্রাথমিকের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে আগামী বছর ওসমান হাদির বিষয়টি যুক্ত হচ্ছে না।

তিনি আরও জানান, ২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। তখন নতুন শিক্ষাক্রম অনুযায়ী কোন বিষয় রাখা হবে এবং কোন বিষয় বাদ যাবে, তা নির্ধারণ করবে পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটিগুলো। এনসিটিবি মূলত নীতিনির্ধারকদের নির্দেশনা অনুযায়ী পাঠ্যবই সম্পাদনা ও বাস্তবায়নের কাজ করে থাকে।

বিজ্ঞাপন

এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৬টি বইয়ের সম্পাদনা কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। তবে সরকারের ঘোষিত নতুন দুটি চতুর্থ শ্রেণির বইয়ের সম্পাদনা ও পরিকল্পনা সংক্রান্ত কিছু কাজ এখনও বাকি রয়েছে। এসব কার্যক্রম আগামী ১০ আগস্টের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, ২০২৮ সালের পাঠ্যবইয়ে শরীফ ওসমান বিন হাদির বিষয়টি অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে, পঞ্চম শ্রেণির বাংলা বইয়ের ‘আমরা তোমাদের ভুলব না’ অধ্যায়ে যেভাবে তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার, নূর হোসেন, আবু সাঈদ ও মুগ্ধের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে, একই ধরনের কাঠামোতে ওসমান হাদিকেও উপস্থাপন করা হতে পারে।

তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট পরিকল্পনা কমিটি ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ফলে আপাতত নিশ্চিতভাবে বলা যাচ্ছে, ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে শহীদ শরীফ ওসমান বিন হাদির বীরত্বগাঁথা স্থান পাচ্ছে না। তবে আগামী বছরগুলোতে শিক্ষাক্রম সংস্কারের অংশ হিসেবে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ থাকছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD