এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার, বহিষ্কার ৭

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানায়।
বিজ্ঞাপন
কমিটির তথ্য অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে যশোর শিক্ষা বোর্ডের দুইজন, কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের একজন করে পরীক্ষার্থী রয়েছেন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের একজন করে পরীক্ষার্থীও বহিষ্কৃত হয়েছেন।
সকাল ১০টায় বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষার মাধ্যমে শুরু হয় এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
বিজ্ঞাপন
তথ্য অনুযায়ী, দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। এদিন অনুপস্থিত ছিল ১৭ হাজার ২৩৩ জন। অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কুরআন মাজিদ বিষয়ে অংশ নেয় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী। সেখানে অনুপস্থিত ছিল ৪ হাজার ৪৭৮ জন।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন।








