সার্টিফিকেটে নাম-জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের

শিক্ষার্থীদের সার্টিফিকেটে নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন প্রক্রিয়ায় বিলম্ব ও হয়রানি রোধে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে আবেদন দ্রুত বোর্ডে পাঠানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানায় ঢাকা শিক্ষা বোর্ড।
বোর্ডের সচিব অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের অধিভুক্ত সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শিক্ষার্থী বা আবেদনকারীর নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন সম্পূর্ণ ও নির্ভুলভাবে সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে তা দ্রুত বোর্ডে ফরওয়ার্ড করতে হবে।
বিজ্ঞাপন
বোর্ডের পর্যবেক্ষণে দেখা গেছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন সম্পন্ন হওয়ার পরও সময়মতো বোর্ডে পাঠানো হচ্ছে না। ফলে আবেদনকারীরা অপ্রয়োজনীয় জটিলতা, বিলম্ব এবং হয়রানির মুখে পড়ছেন। এ ধরনের পরিস্থিতিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়েছে নির্দেশনায়।
এ ছাড়া আবেদনপত্রে যোগাযোগের জন্য আবেদনকারী অথবা তার অভিভাবকের নিজস্ব মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক কিংবা অন্য কোনো ব্যক্তির মোবাইল নম্বর আবেদনপত্রে উল্লেখ করা যাবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আবেদন দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কমবে এবং সার্টিফিকেট সংশোধনের আবেদন কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে বলে আশা করছে বোর্ড।








