মৃত্যুর আগে দেওয়া রহস্যময় পোস্টের কথাগুলোই কি সত্যি হলো রাহুলের?

জীবনের অন্তিম মুহূর্তে এসে মানুষ কি নিজের বিদায়ের আভাস পেতে পারে—অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি-র আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর পর এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্ত-অনুরাগীদের মনে। তার মৃত্যুর ঠিক আগে দেওয়া একটি সোশ্যাল মিডিয়া পোস্টে যেন এক অদ্ভুত বিষণ্ণতার ইঙ্গিত দিয়েছিল, যা আজ সত্যি হয়ে ধরা দিয়েছে সকলের সামনে।
বিজ্ঞাপন
মৃত্যুর কিছু সময় আগে ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেছিলেন রাহুল। ছবিতে দেখা যায়, একটি নদীর তীরে দাঁড়িয়ে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে আছেন তিনি। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ’। সে সময় বিষয়টি তেমনভাবে কারও নজরে না পড়লেও এখন তার মৃত্যু ঘিরে এই কথাগুলো নতুন অর্থ তৈরি করেছে।
রবিবার তালসারিতে পানিতে তলিয়ে গিয়ে এই অভিনেতার মৃত্যু হয়। ঘটনার পর অনেকেই মনে করছেন, তার ওই পোস্ট যেন অজান্তেই নিজের বিদায়ের বার্তা বহন করছিল। এটি কি নিছক কাকতালীয়, নাকি তিনি সত্যিই নিজের শেষ সময়ের পূর্বাভাস পেয়েছিলেন—এমন প্রশ্ন এখন তার ভক্তদের পাশাপাশি ঘনিষ্ঠজনদের মনেও দোলা দিচ্ছে।
বিজ্ঞাপন
রাহুলের সেই পোস্টটি শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি আবেগঘন এক বার্তায় লিখেছেন, ‘এই পোস্টটা কেন করেছিলি বাবু?’ তার এই সংক্ষিপ্ত কথাতেই প্রকাশ পেয়েছে প্রিয় সহকর্মীকে হারানোর বেদনা এবং না বলা অসংখ্য প্রশ্নের ভার।
জানা যায়, রবিবার তালসারিতে একটি শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান ৪৩ বছর বয়সী এই অভিনেতা। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো বিনোদন অঙ্গনে।
বিজ্ঞাপন
সবসময় হাসিখুশি, প্রাণবন্ত ও আড্ডাপ্রিয় হিসেবে পরিচিত ছিলেন রাহুল। তার শেষ পোস্টের ‘শেষ সুযোগ’ শব্দ দুটি এখন ভক্তদের মনে এক ধরনের অপূরণীয় শূন্যতা আর আক্ষেপ হয়ে ফিরে আসছে।
উল্লেখ্য, আলোচিত সেই পোস্টটি বর্তমানে তার প্রোফাইলে উন্মুক্তভাবে দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, পোস্টটির গোপনীয়তা সেটিংস এমনভাবে নির্ধারণ করা হয়েছিল, যা শুধুমাত্র তার বন্ধু তালিকায় থাকা ব্যক্তিরাই দেখতে পারতেন।








