অবশেষে ‘বিদায়’ দিয়ে ফিরছেন দীঘি

সাম্প্রতিক সময়ে বড় পর্দায় কম দেখা গেছে দীঘি-কে। বিশেষ করে গত বছরের ‘জংলি’ সিনেমার পর থেকে তার রুপালি পর্দায় উপস্থিতি সীমিত ছিল। দীর্ঘ বিরতি এবং ক্যারিয়ারের নানা আলোচিত বিষয় পেরিয়ে অবশেষে তার নতুন সিনেমার খবর পাওয়া গেছে। জানা গেছে, মেহেদী হাসানের পরিচালনায় ‘বিদায়’সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন এই নায়িকা।
বিজ্ঞাপন
সূত্র জানায়, এই সিনেমা আসন্ন ঈদুল আজহা-তে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমার কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। দীঘি সম্প্রতি জানিয়েছেন, মালয়েশিয়ায় কয়েকটি দৃশ্য এবং একটি গান শুটিং বাকি রয়েছে, যা শীঘ্রই সম্পন্ন হবে। গত ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা থাকলেও কারিগরি কারণে তা পিছিয়ে গিয়েছিল। এবারের ঈদুল আজহায় সিনেমাটি দর্শকদের উপহার দিতে আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।
দীঘি বলেন, এটি একটি ভিন্নধর্মী ও আবেগঘন গল্পের সিনেমা। আমাদের দেশে সাধারণত এমন গল্পের কাজ খুব একটা দেখা যায় না। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি কাজ, যা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলবে।’ উল্লেখ্য, এই সিনেমায় প্রথাগত কোনো নায়ক নেই, বরং গল্পই এখানে মূল আকর্ষণ হিসেবে কাজ করছে।
বিজ্ঞাপন
সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনেতারা।
প্রযোজক পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি মানবিক ও সচেতনতামূলক গল্পের সিনেমা। পাশাপাশি দীঘি সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার কাজও শেষ করেছেন, যা কোরবানির ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিজ্ঞাপন
এই সিনেমার মাধ্যমে দীঘি আবারও বড় পর্দায় তার বিশেষ উপস্থিতি দেখাতে যাচ্ছেন, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য সুখবর হিসেবে ধরা হচ্ছে।








