Logo

‘যাচাই-বাছাই ছাড়া কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক'

profile picture
বিনোদন প্রতিবেদক
২২ এপ্রিল, ২০২৬, ১৫:৫৯
‘যাচাই-বাছাই ছাড়া কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক'
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া লেখা প্রকাশের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এবং অনুসারীদের সচেতন থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, অনলাইনে অনেকেই না জেনে, না বুঝে কিংবা তথ্য যাচাই না করেই নানা বিষয় নিয়ে লিখছেন, যার বেশিরভাগই নেতিবাচক। এ ধরনের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

পোস্টে পেশাদার সাংবাদিকদের ভূমিকার কথাও উল্লেখ করেন সুনেরাহ। তিনি বলেন, সাংবাদিকরা পরিশ্রম করে তাদের অবস্থান তৈরি করেছেন এবং তারা যাচাই-বাছাই করেই সংবাদ প্রকাশ করেন। তাই তাদের কাজের প্রতি সম্মান দেখানো উচিত।

বিজ্ঞাপন

এরপর উদ্দেশ্যপ্রণোদিত লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতার সমালোচনা করেন এই অভিনেত্রী। তার ভাষ্য, “আমার এটা মনে হলো, ওটা মনে হলো”—এভাবে কাউকে নিয়ে যা খুশি লেখা যুক্তিযুক্ত নয়। এর পেছনে অনেক ক্ষেত্রে মনোযোগ আকর্ষণ, বিনোদন বা আর্থিক লাভের উদ্দেশ্য থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সবশেষে তিনি ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভিত্তিহীন তথ্য বা গুজবে সময় নষ্ট না করে সচেতন থাকা জরুরি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অন্যান্য তারকাদের মতো সুনেরাহও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও সমালোচনার মুখে পড়েছেন। বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD