Logo

‘আমি সেলিব্রিটি নই’ নিজেকে নিয়ে যা বললেন স্বস্তিকা

profile picture
বিনোদন ডেস্ক
২৪ এপ্রিল, ২০২৬, ১৭:০২
‘আমি সেলিব্রিটি নই’ নিজেকে নিয়ে যা বললেন স্বস্তিকা
ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি নিজেকে কখনোই ‘সেলিব্রিটি’ হিসেবে দেখতে চান না। বর্তমান সময়ে যেখানে অনেক তারকা বিলাসবহুল জীবনযাপন এবং আড়ম্বরপূর্ণ চলাফেরায় অভ্যস্ত, সেখানে তিনি একেবারেই ভিন্নধর্মী জীবনধারা অনুসরণ করেন। প্রতিদিনের জীবনে তাকে দেখা যায় একদম সাধারণ মানুষের মতোই চলাফেরা করতে—কখনো বাসে, কখনো অটোতে চড়ে গন্তব্যে পৌঁছাতে।

বিজ্ঞাপন

কলকাতার ব্যস্ত এলাকা গড়িয়াহাট-এর মোড়ে দাঁড়িয়ে অন্যদের মতো ফুচকা খেতেও দ্বিধা করেন না এই অভিনেত্রী। তারকাখ্যাতি থাকা সত্ত্বেও এমন স্বাভাবিক জীবনযাপন অনেকের কাছেই বিস্ময়কর মনে হতে পারে। একজন তারকা পরিবারের সদস্য হয়েও এবং নিজে সফল অভিনেত্রী হয়েও তিনি ‘সেলিব্রিটি’ পরিচয়ে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

স্বস্তিকার মতে, ‘সেলিব্রিটি’ শব্দটির আক্ষরিক অর্থ হলো যাকে নিয়ে মানুষ উদযাপন করে। কিন্তু বর্তমানে এই শব্দটির প্রয়োগ তাকে বেশ ভাবিয়ে তোলে। তিনি বলেন, ‘আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না। সেলিব্রিটি কথাটার এখন এত অপব্যবহার হয় যে, আমাকে কেউ সেলিব্রিটি বললে মনে হয় কেউ যেন আমাকে গালাগালি দিচ্ছে। আমি সবাইকে বলি। আমাকে মানুষ বলুন, শিল্পী বলুন, অভিনেত্রী বলুন কিংবা একজন নারী বলুন কিন্তু দয়া করে সেলিব্রিটি বলবেন না।’

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারী সংখ্যা বা ভিডিওর জনপ্রিয়তা দিয়ে যেভাবে তারকা বিচার করা হয়। স্বস্তিকার কথায়, ‘এখন সবাই সেলিব্রিটি। কারও যদি বেশি ফলোয়ার্স থাকে, সে-ও সেলিব্রিটি। সবাই এখন ইনফ্লুয়েন্সার। আমি জানি না তারা আসলে কী ইনফ্লুয়েন্স করছেন।’

বিজ্ঞাপন

নিজের জীবনদর্শন নিয়ে কথা বলতে গিয়ে স্বস্তিকা জানান, তিনি বরাবরই নিজের স্বাভাবিকতা ধরে রাখতে চান। তার মতে, সাধারণভাবে বাঁচার মধ্যেই স্বস্তি রয়েছে। তিনি বলেন, তিনি নিজেকে খুব সাধারণ একজন মানুষ হিসেবেই দেখতে চান এবং সেইভাবেই জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। তাই কেউ তাকে ‘সেলিব্রিটি’ বলে সম্বোধন করলে তিনি তা পছন্দ করেন না, বরং এমন সম্বোধন না করার জন্য অনুরোধ জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD