শিল্পীদের স্বপ্নকে বিশ্বমঞ্চে পৌঁছে দিতে চান পারভেজ আবির

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে বাংলাদেশের শিল্পীদের আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন পারভেজ আবির চৌধুরী।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, এই দায়িত্বকে তিনি কোনো ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না; বরং দেশের চলচ্চিত্র শিল্পীদের প্রতি অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছেন। শনিবার এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
নির্বাচনে যারা ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে পারভেজ আবির চৌধুরী বলেন, “মহান আল্লাহর কাছে শুকরিয়া। আপনাদের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।”
তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদটি শুধুমাত্র একটি সাংগঠনিক পরিচয় নয়, এটি বাংলাদেশের শিল্পীদের বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি, সম্মান ও নতুন সম্ভাবনা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যনির্বাহী সভাতেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হলো পূর্ববর্তী আন্তর্জাতিক কার্যক্রমের সব তথ্য, সরকারি ও আনুষ্ঠানিক যোগাযোগ, চিঠিপত্র, সমঝোতা স্মারক, ই-মেইল আদান-প্রদান, ডিজিটাল তথ্যভান্ডার ও সংশ্লিষ্ট নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ ও হস্তান্তরের উদ্যোগ গ্রহণ।
পারভেজ আবির বলেন, কাজের ধারাবাহিকতা বজায় রাখা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করতে পূর্বের সব তথ্য ও নথিপত্র সংরক্ষণ অত্যন্ত জরুরি।” আন্তর্জাতিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে পাঁচ সদস্যের একটি আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি গঠনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
তার প্রস্তাবিত এই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র ও শিল্পী সংগঠনের সঙ্গে যোগাযোগ স্থাপন, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেমিনার, কর্মশালা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি নিয়ে কাজ করবে। এ ছাড়া বিশ্বের অন্যতম আন্তর্জাতিক শিল্পী সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এর অংশ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ের সংশ্লিষ্ট সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির জন্য নতুন সুযোগ ও সহযোগিতার পথ তৈরি করার বিষয়েও কাজ করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বাংলাদেশের শিল্পীদের দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব বৃদ্ধি এবং নতুন কর্মক্ষেত্র তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।
পারভেজ আবির বলেন, আমি কোনো অবাস্তব প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। পরিকল্পিত উদ্যোগ, নিয়মিত পরিশ্রম, জবাবদিহিতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।
তিনি জানান, আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রমের অগ্রগতি ও অর্জন সম্পর্কে প্রতি তিন মাস অন্তর সমিতির কার্যনির্বাহী পরিষদকে অবহিত করার উদ্যোগ নেওয়া হবে, যাতে কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।
বিজ্ঞাপন
নতুন দায়িত্ব পালনে সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করে পারভেজ আবির চৌধুরী বলেন, বাংলাদেশের শিল্পীদের সম্মান, মর্যাদা ও সম্ভাবনাকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালীভাবে তুলে ধরার জন্য আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই। আপনাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি সুযোগ, স্বীকৃতি ও সম্মান অর্জন করবেন।
উল্লেখ্য আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবির ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হন, যা সম্পাদকীয় পদগুলোর মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত ভোট।








