এসএসসিতে জিপিএ-৫, অভিনয়-নাচে এগিয়ে চলেছেন নওরিন

তরুণ প্রজন্মের মেধাবী অভিনেত্রী সোরমিলা ইসলাম নওরিন। নাচ ও অভিনয়—দুই ক্ষেত্রেই নিয়মিত কাজের পাশাপাশি পড়াশোনাতেও সাফল্যের স্বাক্ষর রেখেছেন তিনি। সম্প্রতি এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন এই শিল্পী। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও এমন ফলাফল পাওয়ায় উচ্ছ্বসিত নওরিন ও তার পরিবার। বর্তমানে কলেজে ভর্তির অপেক্ষায় রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শৈশব থেকেই সংস্কৃতিচর্চার সঙ্গে নওরিনের পথচলা। মাত্র পাঁচ বছর বয়সে নাচের মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে তার যাত্রা শুরু হয়। নৃত্যগুরু আজিজ রেজার কাছে নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নাচের দক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কিছু পুরস্কারও অর্জন করেছেন এই তরুণী।
অভিনয়ে নওরিনের অভিষেক হয় ছয় বছর বয়সে। এনটিভির একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে তার পথচলা শুরু। এরপর নাটক, বিজ্ঞাপন ও ওয়েব সিরিজে কাজ করে ধীরে ধীরে নিজের পরিচিতি তৈরি করছেন তিনি।
সম্প্রতি মুশফিক আর ফারহান ও কেয়া পায়েলের সঙ্গে ‘পরান পাখি’ নাটকে অভিনয় করেছেন নওরিন। নাটকটি দর্শকদের মধ্যে ভালো সাড়া পেয়েছে। এছাড়া গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন নওরিন। তার ভাষ্য, এসব কাজ শিগগিরই দর্শকদের সামনে আসবে।
বিজ্ঞাপন
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নওরিন বলেন, “ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে শুধু একজন নায়িকা নয়, একজন সফল অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই। অভিনয়ের পাশাপাশি পড়াশোনায়ও ভালো করতে চাই। প্রশাসনিক কাজের প্রতিও আমার আগ্রহ রয়েছে। তাই ভবিষ্যতে নিজেকে প্রশাসনিক কাজেও দেখতে চাই।”
নিজের সাফল্যের পেছনে মায়ের অবদানকেও বিশেষভাবে স্মরণ করেন নওরিন। তিনি বলেন, “আমার মা সবসময় আমার পাশে ছিলেন বলেই আজ আমি এতদূর আসতে পেরেছি। মায়ের সাপোর্ট ছাড়া নাচ ও অভিনয়ে আসা এবং এতদূর এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব হতো না।”
নওরিনের গ্রামের বাড়ি ফেনীতে হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। মাইলস্টোন স্কুল ও রাজাবাগ পুলিশ লাইন্স স্কুলে পড়াশোনা শেষ করে এখন কলেজজীবনে প্রবেশের অপেক্ষায় রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
পড়াশোনার পাশাপাশি নাচ ও অভিনয়ে নিজের দক্ষতা আরও বাড়াতে চান নওরিন। ভবিষ্যতে একজন দক্ষ ও প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজেকে গড়ে তোলাই তার অন্যতম লক্ষ্য। মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে সঙ্গী করে সামনে এগিয়ে যেতে চান এই তরুণ শিল্পী।








