ক্রিকেট মাঠ থেকে বিনোদন অঙ্গনে হেদায়েত উল্লাহ তুর্কী

ক্রিকেটের মাঠ থেকে বিনোদন অঙ্গনে—দীর্ঘ পথচলায় নিজেকে নানা পরিচয়ে তুলে ধরেছেন মো. হেদায়েত উল্লাহ তুর্কী। অভিনয়ের পাশাপাশি নির্মাণ, লেখালেখি, উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র, মঞ্চ ও রিয়েলিটি শোর বিচারক হিসেবেও কাজ করছেন তিনি।
বিজ্ঞাপন
কাগজে-কলমে নাম মো. হেদায়েত উল্লাহ হলেও পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে তিনি ‘তুর্কী’ নামে পরিচিত। আর মিডিয়ায় হেদায়েত তুর্কী নামেই পরিচিতি পেয়েছেন। চার শতাধিক নাটকে অভিনয়ের পাশাপাশি নিয়মিত নাটক লেখা ও নির্মাণের সঙ্গেও যুক্ত তিনি।
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া পাওয়া’-তে ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর, পায়ে দিয়ে সোনার নুপুর’ গানের মডেল হিসেবে টেলিভিশনে তার যাত্রা শুরু। পরে জাহিদ হাসানের ‘সেন্টিমেন্টাল সেলিম’, মাঈনুল খোকনের ‘দাদো’, এস এম শাহীনের ‘মধুপুর’, সোহাগ কাজীর ‘বউ বিরোধ’, মুজিবল হক খোকনের ‘মহাজন’ ও ‘আরশিনগর’ এবং মামুনুর রশিদের ‘পালের হাওয়া’সহ বিভিন্ন নাটকে অভিনয় করে পরিচিতি পান।
একসময় নিয়মিত উপস্থাপনাও করেছেন হেদায়েত তুর্কী। তার পরিকল্পনা ও উপস্থাপনায় নির্মিত সেলিব্রিটি টকশো ‘গরীবের দুয়ারে হাতীর পা’ দর্শকদের মধ্যে আলোচিত হয়। এতে বিনোদন অঙ্গনের তারকাদের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিরাও অতিথি হিসেবে অংশ নিতেন।
বিজ্ঞাপন
অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র নির্মাণেও কাজ করেছেন তিনি। তীর, সাফা চিনিগুড়া চাউল ও বিআরবি কেবলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। অন্যদিকে ওয়ালমার্ট, ফলোমি, ম্যাক্সকোন, ম্যাক্সিকান, টেকশেল ও এস এম মাগুরা রিয়েল স্টেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ৩২টি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন বলে জানা যায়। চিত্রনায়িকা অপু বিশ্বাসকে নিয়ে প্রথম বিজ্ঞাপন নির্মাণের পর তার পরিচালনায় দীপা খন্দকার, এ্যানিলা তানজুম, সেঁজুতি খন্দকার, সাবরিনা সুইটি, আঁখি চৌধুরী, সোনিয়া লাজুক, আব্দুল্লাহ রানা ও শেখ স্বপ্নাসহ অনেক শিল্পী কাজ করেছেন।
নাট্যনির্মাণেও নিয়মিত রয়েছেন তুর্কী। সম্প্রতি তার রচনা ও পরিচালনায় পাঁচ প্রজন্মের গল্প নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘বেগম পাড়া’র প্রথম লটের শুটিং শেষ হয়েছে। লাবণ্য মিডিয়া হাউজের ব্যানারে নির্মিত এ নাটকে শতাধিক অভিনয়শিল্পী কাজ করছেন।
টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর সৈকত নাসিরের ‘সুলতানপুর’, শাহীন সুমনের ‘মাফিয়া’ ও ‘গ্যাং স্টার’, অনুরুদ্ধ রাসেলের ‘জামদানী’ এবং রায়হান রাফীর ‘তাণ্ডব’সহ মোট ১৬টি সিনেমায় অভিনয় করেছেন। সালমান শাহকে নিয়ে নির্মিত ‘স্বপ্নের ফেরিওয়ালা’ ও ‘রহস্য’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে সরকারি অনুদানে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।
বিজ্ঞাপন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও রয়েছে তার কাজের অভিজ্ঞতা। তার অভিনীত ‘প্রশ্ন’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ইউনেস্কোসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার পুরস্কার পেয়েছে। পাশাপাশি ‘ওয়ার্ল্ড শর্ট ফিল্ম’ প্রতিযোগিতায় শীর্ষ দশে থেকে চলচ্চিত্রটি প্রদর্শিত হয়েছে।
রিয়েলিটি শোর সঙ্গেও দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে হেদায়েত তুর্কীর। এনটিভির কমেডিভিত্তিক অনুষ্ঠান ‘হাশো’ দিয়ে এ অঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। পরে ‘হাশো’র ক্রমার-বিচারক, এটিএন বাংলার ‘ফেস অব এশিয়া’ এবং এশিয়ান টেলিভিশনের ‘মিস প্লাস বাংলাদেশ’-এর বিচারকসহ বিভিন্ন অনুষ্ঠানে দায়িত্ব পালন করেছেন।
লেখালেখিতেও সক্রিয় তুর্কী। গান লেখার পাশাপাশি সুর করেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্রে কলাম লেখেন। তার লেখা একাধিক বইও প্রকাশিত হয়েছে। মঞ্চনাটকেও নিয়মিত কাজ করছেন এবং গ্রুপ থিয়েটার অপেরার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দেশ-বিদেশে মঞ্চনাটকে অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
মিডিয়ার বাইরেও পেশাগত দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত এবং আইন বিষয়ে পড়াশোনা করছেন। মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে শিক্ষক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ মোল্লা ও কামরুজ্জাহান রেখার পরিবারে তার জন্ম।
শিক্ষাজীবনে মাগুরা পিটিআই, বড়জোকা, নহাটা, রাহাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শত্রুজিৎপুর হাই স্কুল, মাগুরা সরকারি কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এনআইটি ও বিআইএমে পড়াশোনা করেছেন। বর্তমানে এলএলবি পড়ছেন। দীর্ঘদিন মনিরামপুর আজিজিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
তুর্কীর মিডিয়ায় আসার গল্পের শুরু অবশ্য ক্রিকেট মাঠ থেকে। গ্রামের মাঠে ক্রিকেটে হাতেখড়ির পর মাগুরা জেলা একাদশ ও খুলনা বিভাগীয় একাদশে খেলেছেন। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ফরাশগঞ্জ, গোপীবাগ ফ্রেন্ডস ক্লাব, লালবাগ ক্রীড়া চক্র, ওয়ারী ক্লাব ও সূর্যতরুণ ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। খেলোয়াড়ি জীবনে জয়সুরিয়া, অর্জুনা রানাতুঙ্গা, শহীদ আফ্রিদি, ওয়াসিম আকরাম, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক, হাবিবুল বাশার সুমন, আমিনুল ইসলাম বুলবুল ও আকরাম খানের মতো ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।
বিজ্ঞাপন
খেলোয়াড়ি জীবন শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত হন তিনি। বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন, আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে লাবণ্য মিডিয়া হাউজের কর্ণধার সিনথীয়া সুলতানার সঙ্গে যৌথভাবে ‘বিউটি কুইন বাংলাদেশ’ ও ‘লাবণ্য ফটোসুন্দরী’সহ বিভিন্ন আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছেন তুর্কী। ‘লাবণ্য অ্যাওয়ার্ড’, ‘উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড’ ও ‘রঙ্গীলা বৈশাখ অ্যাওয়ার্ড’-এর আয়োজনেও রয়েছে তার সম্পৃক্ততা।
অভিনয়, নির্মাণ, উপস্থাপনা, লেখালেখি, মঞ্চ, বিজ্ঞাপন ও রিয়েলিটি শো—বিনোদন অঙ্গনের নানা ক্ষেত্রে কাজের পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন নাট্যকার সংঘ, বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘ, মাগুরা জেলা সমিতি-ঢাকা ও বৃহত্তর যশোর সমিতি-ঢাকাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তিনি।
বিজ্ঞাপন
এবার নিজের পরিচালনায় সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন হেদায়েত তুর্কী। আগামী ডিসেম্বর থেকে তার পরিচালনায় নতুন সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ফলে ক্রিকেট মাঠে শুরু হওয়া তার দীর্ঘ পথচলা এবার চলচ্চিত্র নির্মাণের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে।








