ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫০ হাজার ছাড়াল

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫০ হাজার ২৭৬ জনে পৌঁছেছে।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের মধ্যে একজনের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে এবং অন্যজনের বয়স ৫৬ থেকে ৬০ বছরের মধ্যে।
নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। গত এক দিনে এ বিভাগে ২৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১০৩, ময়মনসিংহে ৪৮, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৬, খুলনা বিভাগে ১৯৯, রংপুরে ৪৭, রাজশাহীতে ৭৩ এবং বরিশালে ১৪৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫০ হাজার ২৭৬ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ৪৮ জনের মৃত্যু হয়েছে। উত্তর সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৮ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৮ জনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া খুলনায় ২৫, ময়মনসিংহে ১৪, বরিশালে ১২, চট্টগ্রামে ১০, রাজশাহীতে ৬ এবং রংপুর ও সিলেটে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।







