তিন জাহাজে ভাসমান হাসপাতাল গড়ার উদ্যোগ সরকারের

উপকূলীয় ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এম ভি মধুমতি, এম ভি রূপসা ও এম ভি সুগন্ধাকে এ কাজে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার সদরঘাটের বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে জাহাজ তিনটি পরিদর্শনের মধ্য দিয়ে উদ্যোগটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. এ এন এম বজলুর রশীদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানী উপস্থিত ছিলেন। এ ছাড়া দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিআইডব্লিউটিসির পরিচালকরা অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, উপকূলীয় ও বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের মানুষের জন্য দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা দীর্ঘদিনের চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেওয়া এই উদ্যোগ দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভাসমান হাসপাতালগুলোর মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, নৌপথকে কাজে লাগিয়ে মানুষের মৌলিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ প্রকল্প একটি অনন্য দৃষ্টান্ত তৈরি করবে। জাহাজগুলোকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও সুবিধা সংযোজনের মাধ্যমে ভাসমান হাসপাতালে রূপান্তর করতে বিআইডব্লিউটিসি সমন্বিতভাবে কাজ করবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে জাহাজগুলোতে আধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, জরুরি বিভাগ, প্যাথলজি ল্যাব এবং বহির্বিভাগসহ হাসপাতালের প্রয়োজনীয় বিভিন্ন সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর ফলে দুর্যোগপূর্ণ পরিস্থিতির পাশাপাশি স্বাভাবিক সময়েও প্রত্যন্ত নদী ও দ্বীপাঞ্চলের বাসিন্দারা মূল ভূখণ্ডে না গিয়েই উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারী ড্যানীসহ ঘাটে উপস্থিত সাধারণ মানুষ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
তথ্য সূত্র: বাসস








