Logo

ভেনেজুয়েলায় হামলার ঘটনায় ট্রাম্পকে মামদানির কড়া বার্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫০
ভেনেজুয়েলায় হামলার ঘটনায় ট্রাম্পকে মামদানির কড়া বার্তা
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ভূখণ্ডে ঢুকে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসসহ আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন সেনাবাহিনী। শনিবার গভীর রাতে রাজধানী কারাকাসে পরিচালিত এই অভিযানের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে সরাসরি ক্ষমতায় হস্তক্ষেপের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পুরো অভিযানটি তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করেছেন। ভেনেজুয়েলায় পরিচালিত এই সামরিক অভিযানকে তিনি ‘টেলিভিশন শো’ দেখার মতো ‘চমকপ্রদ’ বলে বর্ণনা করেন। একই সঙ্গে ট্রাম্প বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে।

ট্রাম্প আরও জানান, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা আন্তর্জাতিক বাজারে বিক্রির পরিকল্পনাও রয়েছে ওয়াশিংটনের।

বিজ্ঞাপন

এদিকে ভেনেজুয়েলায় সামরিক অভিযান পরিচালনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় ট্রাম্পকে ফোন করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। ফোনে তিনি সরাসরি বিরোধিতা করেছেন এমন সামরিক অভিযানের। 

জোহরান মামদানি বলেছেন, ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য সামরিক অভিযান পরিচালনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে মার্কিন বাহিনী।

তবে, টেলিফোনে মামদানি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে মতামত জানানোর পর প্রতিক্রিয়ায় ট্রাম্প কী বলেছেন— তা জানা যায়নি।

বিজ্ঞাপন

শনিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ প্রসঙ্গে মামদানি বলেন, আমাকে আজ (শনিবার) সকালে জানানো হয়েছে যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে মার্কিন সেনাবাহিনী আটক করেছে এবং তাদেরকে এখানে, এই নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে রাখা হবে। একতরফাভাবে কোনো সার্বভৌম জাতির ওপর হামলা করা যুদ্ধের শামিল এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। 

নিউইয়র্ক সিটির মেয়র আরও বলেন, সরকার পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা শুধু বিদেশিদের ওপরেই প্রভাব ফেলে না; বরং এর সরাসরি প্রভাব পড়ে নিউইয়র্কের বাসিন্দাদের ওপর। লক্ষাধিক ভেনেজুয়েলান নিউইয়র্ক সিটিতে বসবাস করেন এবং তারা এই শহরকে নিজেদের বাড়ি মনে করেন। আমার মূল লক্ষ্য হলো নিউইয়র্কের প্রত্যেক বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করা। আমার নেতৃত্বাধীন প্রশাসন সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখবে এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

বিজ্ঞাপন

শনিবার স্থানীয় সময় শেষ রাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বিমান বাহিনী। ইতোমধ্যে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, মাত্র চার দিন আগে তিনি এ অভিযানের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD