Logo

এবার তুরস্কে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৯:২৫
এবার তুরস্কে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেছে আঙ্কারা। তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ন্যাটোর আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার তুরস্কের সরকারি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে এবং আঘাত হেনে তা অকেজো করে দেয়।

বিজ্ঞাপন

এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার রাতেই তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল।

আয়োজকদের বরাতে জানানো হয়েছে, প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থানীয় সময় রাত ১০টায় তেহরানে যে স্মরণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।

নতুন করে কবে এই শোকানুষ্ঠান আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ ঘোষণা করা হয়নি। দেশটির এক সরকারি কর্মকর্তা বলেছেন, লজিস্টিক ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ মানুষের অংশগ্রহণের আগ্রহ বিবেচনায় নিয়েও আয়োজন পুনর্বিন্যাস করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত শনিবার তেহরানে নিজ কার্যালয়ে এক বৈঠকের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান সরকার।

ওই হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ নামে অভিযান শুরু করেছে। এই অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে বলে দাবি তেহরানের।

বিজ্ঞাপন

সূত্র: এএফপি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD