Logo

যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠাল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ মে, ২০২৬, ২২:০৪
যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠাল ইরান
ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনা প্রশমনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইরান। যুদ্ধ বন্ধ ও পরিস্থিতি স্থিতিশীল করতে পাকিস্তানের কাছে সংশোধিত একটি প্রস্তাব পাঠিয়েছে তেহরান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে প্রস্তাবটি হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এক ইরানি কূটনীতিক।

বিজ্ঞাপন

শুক্রবার (০১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর নতুন করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশোধিত প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, ইরানের নতুন প্রস্তাবের দিকে নজর ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এর আগে গত সপ্তাহে ইরানের দেওয়া একটি প্রস্তাব তিনি নাকচ করে দেন। জানা যায়, আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধ বন্ধ এবং পরে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র চায় চলমান উত্তেজনার মধ্যেই পারমাণবিক চুক্তি চূড়ান্ত করতে।

বিজ্ঞাপন

পটভূমিতে রয়েছে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, যার পর টানা ৪০ দিন সংঘাত চলতে থাকে। এই সংঘাতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রথমদিকে ইরান ওই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন জ্বালানি অবকাঠামোয় আঘাত হানে, তখন পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও আরব দেশগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়।

বিজ্ঞাপন

ক্রমবর্ধমান এই সংঘাতের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো বহাল রয়েছে।

তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সতর্ক করে জানিয়েছে, আলোচনায় অগ্রগতি না হলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানো হতে পারে। ফলে সংশোধিত এই প্রস্তাব ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

সূত্র: আলজাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD