হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও শক্ত করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান

আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ আরও শক্ত করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
বিজ্ঞাপন
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, আইআরজিসির নৌবাহিনী আরব উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ইরানি উপকূলজুড়ে প্রায় ২ হাজার কিলোমিটার এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্যে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে সংশ্লিষ্ট জলসীমাকে দেশের জনগণের জন্য শক্তি ও গর্বের প্রতীক হিসেবে গড়ে তোলা এবং একই সঙ্গে অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। বৈশ্বিক জ্বালানিপণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষাপটে গত ২৮ ফেব্রুয়ারি দেশটিতে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সংঘাতের শুরুর দিকে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।
পরে তেহরান জানায়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজ এই জলপথ ব্যবহার করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তবে যারা সংঘাতের বাইরে থাকবে, তারা ইরানের অনুমতি ও নির্ধারিত শর্ত মেনে চলাচল করতে পারবে।
বিজ্ঞাপন
এদিকে, দেশের সর্বোচ্চ নেতৃত্বও ইঙ্গিত দিয়েছে যে হরমুজ প্রণালিকে ঘিরে ইরান নতুন কৌশলগত অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে।








