করোনাকালীন সময়ের কিছু বিধিনিষেধ আবারও চালু করা প্রয়োজন

মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক সংকটের প্রভাব সামাল দিতে করোনাকালীন সময়ের কিছু বিধিনিষেধ ও অভ্যাস আবারও চালু করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজ্ঞাপন
হায়দরাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনাভাইরাস মহামারির সময় মানুষ ঘরে বসে কাজ, ভার্চুয়াল বৈঠক ও ভিডিও কনফারেন্সিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে সেই পদ্ধতিগুলো আবারও কাজে লাগানোর সময় এসেছে।
তিনি বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নাগরিকদের ভোগব্যবহার পুনর্বিবেচনার আহ্বান জানান।
বিজ্ঞাপন
মোদী বলেন, মধ্যবিত্তদের মধ্যে বিদেশ ভ্রমণ, বিদেশে অনুষ্ঠান ও ছুটি কাটানোর প্রবণতা বাড়ছে। সংকটের এই সময়ে অন্তত এক বছরের জন্য বিদেশ ভ্রমণ সীমিত রাখার বিষয়টি বিবেচনা করা উচিত। পাশাপাশি এক বছরের জন্য স্বর্ণ কেনা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
জ্বালানি ব্যবহারে সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পেট্রোল, ডিজেল ও গ্যাস অত্যন্ত সচেতনভাবে ব্যবহার করতে হবে, কারণ এসব জ্বালানি বিদেশ থেকে আমদানি করতে হয়। তাই প্রয়োজন অনুযায়ী ব্যবহার নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, গণপরিবহণ, মেট্রো ও রেল ব্যবহারে বেশি গুরুত্ব দিতে হবে। একই রুটে কারপুলিং এবং পণ্য পরিবহনে রেল ব্যবহারের মাধ্যমে জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে।
বিজ্ঞাপন
মোদী বলেন, পশ্চিম এশিয়ার সংঘাতসহ বৈশ্বিক অস্থিরতার সময় জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
সূত্র: বিবিসি, তাস








