Logo

সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে যে দিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে, ২০২৬, ১৫:০৮
সৌদি আরবে ঈদ কবে, জানা যাবে যে দিন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণে আগামী রবিবার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখা হবে সৌদি আরবে। এ উপলক্ষে দেশটির সৌদি সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে আকাশে নতুন চাঁদ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার প্রকাশিত এক ঘোষণায় আদালত জানায়, কোথাও চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে অবহিত করতে হবে, যাতে আনুষ্ঠানিকভাবে নতুন মাস শুরুর ঘোষণা দেওয়া যায়।

সৌদি আরবে রবিবার হবে জিলকদ মাসের ২৯তম দিন। ওইদিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

তবে রবিবার চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে জিলহজ মাস শুরু হবে একদিন পরে এবং ঈদুল আজহা পালিত হবে ২৮ মে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী রবিবার বিশ্বের বিভিন্ন অঞ্চলে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকত ওদেহ বলেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসাব অনুযায়ী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত ফতোয়া কাউন্সিলও জানিয়েছে, ১৭ মে সন্ধ্যায় ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে। আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় জাতীয়ভাবে চাঁদ দেখার কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

ইসলামি বর্ষপঞ্জিতে জিলহজ মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ মাসেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র হজ পালন করেন। জিলহজের ৯ তারিখ পালিত হয় আরাফাত দিবস এবং ১০ জিলহজ উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহার প্রথম দিন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD