আমিরাতের আকাশে দিনের আলোয় ধরা দিল জিলহজের চাঁদ

পবিত্র জিলহজ মাসকে ঘিরে মুসলিম বিশ্বে শুরু হয়েছে চাঁদ দেখার অপেক্ষা। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আকাশে দিনের আলোতেই জিলহজ মাসের নতুন চাঁদের দেখা মিলেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
বিজ্ঞাপন
রবিবার (১৭ মে) স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে আবুধাবিভিত্তিক আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি নতুন চাঁদের ছবি ধারণ করে। পর্যবেক্ষণ কার্যক্রমটি পরিচালনা করে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টারের সংশ্লিষ্ট দল।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, চাঁদটি পর্যবেক্ষণের সময় সূর্য থেকে প্রায় ৭ দশমিক ৮ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল। সে সময় চাঁদের বয়স ছিল আনুমানিক ৯ ঘণ্টা।
জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ শককত ওদেহ আধুনিক প্রযুক্তির সহায়তায় অর্ধচন্দ্রটির ছবি তুলেছেন। এ কাজে তাকে সহযোগিতা করেন মানমন্দিরের সদস্য খালমান আল নুয়াইমি, ওসামা ঘানাম ও আনাস মোহাম্মদ।
বিজ্ঞাপন
এদিকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত নিতে সৌদি আরব, ওমানসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে আজ বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে আগামী সোমবার (১৮ মে) থেকে এসব দেশে জিলহজ মাস গণনা শুরু হবে।
অন্যদিকে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। দেশটির তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) ছিল জিলকদ মাসের ২৯তম দিন।
চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তুরস্কও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে জানিয়েছে, সোমবার (১৮ মে) থেকে দেশটিতে জিলহজ মাস শুরু হবে।
বিজ্ঞাপন
মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসেই পালিত হয় পবিত্র হজ এবং ঈদুল আজহা। তাই চাঁদ দেখা নিয়ে ধর্মীয় ও জ্যোতির্বৈজ্ঞানিক উভয় পর্যায়েই চলছে ব্যাপক আগ্রহ ও প্রস্তুতি।
সূত্র: গালফ নিউজ








