চীন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আগামী শনিবার (২৩ মে) থেকে মঙ্গলবার (২৬ মে) পর্যন্ত চার দিনের সফরে চীন যাচ্ছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তবে সফরে ইরান ইস্যু বা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর সৃষ্ট উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও চীন উভয় দেশই কূটনৈতিক উদ্যোগ নেওয়ার চেষ্টা করছে। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকে সমর্থন জানিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, সফরে দুই দেশের নেতারা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পাকিস্তানের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছে চীন।
বিজ্ঞাপন
তিনি পাকিস্তানের “ন্যায্য ও ভারসাম্যপূর্ণ” মধ্যস্থতাকারী ভূমিকারের প্রশংসাও করেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আয়োজনের মাধ্যমে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে। একই সময়ে ইরানের গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরেরও তেহরান সফরের কথা রয়েছে।
সংঘাত চলাকালে চীন তুলনামূলকভাবে সতর্ক কূটনৈতিক অবস্থান নেয়। বেইজিং মূলত উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।
বিজ্ঞাপন
এর মধ্যে গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার আশ্বাস দিয়েছেন শি। যুদ্ধ শুরুর পর বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ কার্যত অচল হয়ে পড়ে।
এর আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদকে আরও সক্রিয় মধ্যস্থতার আহ্বান জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ৮ এপ্রিল কার্যকর হওয়া যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাত আপাতত থেমে থাকলেও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধানের সুযোগ দ্রুত সংকুচিত হয়ে আসছে।








