ধর্ষণ মামলায় নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলেকে ৪ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও নির্যাতনের একাধিক অভিযোগের মধ্যে কয়েকটি প্রমাণিত হওয়ায় নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে-ম্যারিটের ছেলে ম্যারিয়াস বোর্গ হোইবিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ ৮০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার রাজধানী অসলোর জেলা আদালত এ রায় দেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হোইবির বিরুদ্ধে চারটি ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা, গুরুতর শারীরিক হামলা এবং মাদক সেবনের অভিযোগ আনা হয়েছিল।
আদালতের রায়ে দুটি ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা ও গুরুতর শারীরিক হামলার অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে বাকি দুটি ধর্ষণ মামলায় তিনি খালাস পেয়েছেন। মাদক সেবনসংক্রান্ত অভিযোগের বিচার কার্যক্রম এখনও চলমান রয়েছে।
বিজ্ঞাপন
মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি স্টার্লা হেনরিক্সবো আদালতের কাছে হোইবির জন্য সাত বছর সাত মাসের কারাদণ্ডের আবেদন করেছিলেন। যদিও আদালত সেই আবেদন পুরোপুরি গ্রহণ করেননি।
রায় ঘোষণার সময় বিচারক জানান, বিচারিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত হোইবিকে কারাগারেই থাকতে হবে। অন্যদিকে, ম্যারিয়াস বোর্গ হোইবির আইনজীবী জানিয়েছেন, জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।
সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি








