স্কুলের হোস্টেলে ঢুকে ৪ ছাত্রীকে কামড়াল সাপ, একজনের মৃত্যু

ভারতের একটি আবাসিক বিদ্যালয়ের হোস্টেলে ঢুকে চার ছাত্রীকে কামড় দিয়েছে একটি বিষধর সাপ। এ ঘটনায় ১৩ বছর বয়সী এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আহত অপর তিন ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সম্প্রতি ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
জানা গেছে, জেলার রোচো মাহুয়াতোলি এলাকার সানভাসিরা হায়ার সেকেন্ডারি রেসিডেন্সিয়াল স্কুলের হোস্টেলে গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। সাপটি ‘কালাচ’ (ক্রেইট) প্রজাতির বিষধর সাপ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রাতের খাবার শেষে ছাত্রীরা নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। রাত প্রায় ১১টার দিকে একটি বিষধর কালাচ সাপ হোস্টেলের কক্ষে ঢুকে প্রথমে বর্ষা ওরাওঁ নামের এক ছাত্রীকে কামড় দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্ষার চিৎকারে অন্যদের ঘুম ভেঙে গেলেও পরিস্থিতি বুঝে ওঠার আগেই সাপটি অনীষা ওরাওঁ, মনীষা কুমারী এবং ফুলমনি ওরাওঁ নামের আরও তিন ছাত্রীকে একের পর এক কামড় দেয়।
ছাত্রীদের চিৎকার শুনে শিক্ষকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে রাতেই লোহারদাগা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা বর্ষা ওরাওঁকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আহতদের মধ্যে ফুলমনি ওরাওঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (রিমস) পাঠানো হয়েছে। অন্য দুই ছাত্রী লোহারদাগা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার পর স্কুল ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
সূত্র: ইন্ডিয়া টুডে








