Logo

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৩০ জুলাই, ২০২৬, ১২:৩৭
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলের সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। বুধবার (স্থানীয় সময়) সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হলেও কেউ জীবিত নেই বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো জানান, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ছিল বেল ৪১২ মডেলের। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার জন্য সান জুয়ান প্রাদেশিক সরকার প্রশিক্ষণপ্রাপ্ত দমকলকর্মীদের একটি দল পাঠাচ্ছিল। নিহতরা ওই প্রথম দলে ছিলেন এবং তারা হেলিকপ্টারযোগে সেখানে যাচ্ছিলেন।

সান জুয়ান থেকে রওনা হওয়ার পর স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময়েই সেটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘটনা কভার করতে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কে গিয়েছিলেন স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা। তিনি এএফপিকে বলেছেন, “হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। এটা সত্যিই ভয়াবহ একটি দুর্ঘটনা। কারো বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই।”

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও জানা যায়নি। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে সান জুয়ানের প্রাদেশিক সরকার।

সান জুয়ান প্রদেশে ইতোমধ্যে তিন দিনের শোক ঘোষনা করা হয়েছে। প্রদেশের গভর্নর মার্সেলো ওররেগা এবং আর্জেন্টিনার কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক জানিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, লা রিওজা প্রদেশে প্রায় এক সপ্তাহ আগে ভয়াবহ দাবানলের সূত্রপাত হয়। মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়ার সমান আয়তনের এ প্রদেশে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি, কৃষিজমি ও ফসল আগুনে পুড়ে গেছে। সেই দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতেই দমকলকর্মীদের বহনকারী হেলিকপ্টারটি রওনা হয়েছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই সেটি দুর্ঘটনার শিকার হয়।

সূত্র : এএফপি, এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD