সৌদি আরবের তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সম্ভাব্য বিমান হামলার জবাবে সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হুথি বিদ্রোহীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) হুথিরা হুঁশিয়ারি দিয়েছে, সৌদি আরব সানায় হামলা চালালে এসব স্থাপনায় পাল্টা হামলা চালানো হতে পারে।
বিজ্ঞাপন
হুথিদের ঘোষণায় সৌদি আরবের দাম্মামে অবস্থিত সৌদি আরামকোর সদর দপ্তর, রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদে আরামকোর তেল শোধনাগারের কথা উল্লেখ করা হয়েছে। এসব স্থাপনা থেকে সাধারণ মানুষকে অবিলম্বে সরে যেতে এবং এলাকাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার একটি তেল স্থাপনায় বিমান হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানায়। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সেখানে অবস্থানরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান। এর পরপরই পাল্টা হুমকি দেয় হুথিরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত কয়েক দিন ধরে হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সরাসরি সংঘাত চলছে। এর মধ্যে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই ঘটনার পর হুথিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে সৌদি আরব।
বিজ্ঞাপন
মঙ্গলবারও রিয়াদের আকাশে ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে ড্রোনগুলো কোন স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল কিংবা কোথা থেকে উৎক্ষেপণ করা হয়েছিল, সে বিষয়ে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বিস্তারিত জানাননি।
সানায় সম্ভাব্য বিমান হামলা এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাল্টা হামলার হুমকিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: আল-মায়েদান








