Logo

৯ দিন ধরে শহীদ মিনারে শিক্ষকরা, আজ থেকে আমরণ অনশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর, ২০২৫, ১৪:৩৫
৯ দিন ধরে শহীদ মিনারে শিক্ষকরা, আজ থেকে আমরণ অনশন
ছবি: সংগৃহীত

দাবি আদায়ের লক্ষ্যে টানা নয় দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। সরকারের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে তারা আজ (সোমবার, ২০ অক্টোবর) থেকে আমরণ অনশন শুরু করেছেন।

বিজ্ঞাপন

গতকাল (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়, বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) প্রদান করা হবে। তবে আন্দোলনরত শিক্ষকরা এ সিদ্ধান্তকে ‘অপর্যাপ্ত ও অপমানজনক’ বলে প্রত্যাখ্যান করেছেন।

সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ঘুরে দেখা যায়, সেখানে বিপুলসংখ্যক শিক্ষক অবস্থান করছেন। কেউ দাবি আদায়ের স্লোগান দিচ্ছেন, কেউ আবার অনশন শুরুর প্রস্তুতি নিচ্ছেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারী শিক্ষক শামুসুল রহমান মিঞা বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করছি। সরকারের প্রস্তাব আমাদের জন্য অসম্মানজনক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে ফিরব না, আমরণ অনশন শুরু করেছি।”

এর আগে ৩০ সেপ্টেম্বর বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানোর প্রাথমিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু ৫ অক্টোবর ঘোষণাটি প্রকাশের পর শিক্ষক-কর্মচারীরা তা প্রত্যাখ্যান করেন। পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা অন্তত দুই বা তিন হাজার টাকা করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

বিজ্ঞাপন

রবিবার বিকেলে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা ‘ভুখা মিছিল’ নিয়ে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু করলে হাইকোর্টের মাজার গেটে পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন। পরে তারা শহীদ মিনারে ফিরে গিয়ে পুনরায় অবস্থান নেন। সন্ধ্যায় আয়োজিত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী আজ থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD