অমর একুশে বইমেলার তারিখ ঘোষণা

এ বছরের অমর একুশে গ্রন্থমেলার তারিখ ঘোষণা করেছে বাংলা একাডেমি। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বইমেলা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম লিখিত বক্তব্যে বলেন, ভাষাশহিদদের স্মরণে প্রতি বছরের মতো এই মেলা আয়োজন করা হয়। অমর একুশে বইমেলা শুধু বইপ্রেমীদের জন্য নয়, এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে পহেলা ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হলেও এবারের বাস্তবতা বিবেচনা করে মেলার তারিখ সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। মেলার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে ইতোমধ্যে বইমেলা পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অমর একুশে বইমেলা মাসব্যাপী চলবে এবং এতে প্রকাশক, লেখক, সাহিত্যিক ও পাঠকরা অংশগ্রহণ করবেন। মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজনও থাকবে, যা তরুণ ও পাঠকপ্রিয় জনগোষ্ঠীর মধ্যে বই ও সাহিত্যের প্রতি আগ্রহ আরও বাড়াবে।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এই মেলা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রাণবন্ত রাখে এবং ভাষা আন্দোলনের স্মৃতি জীবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।








