Logo

আদালতের নির্দেশে দুই আসনের ফল স্থগিত হয়েছে: ইসি সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০০
আদালতের নির্দেশে দুই আসনের ফল স্থগিত হয়েছে: ইসি সচিব
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আদালতের নির্দেশে স্থগিত থাকলেও বাকি ২৯৭ আসনে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজ (শুক্রবার) বিকেল ৩টায় আয়োজিত সংবাদ সম্মেলনে আখতার আহমেদ, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইসি সচিব বলেন, আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের সংসদীয় ফল এখনও প্রকাশ করা যায়নি। তবে ওই আসনগুলোতে গণভোটে কোনো বাধা নেই, তাই সংশ্লিষ্ট গণভোটের ফল শতকরা হিসাবে যুক্ত করা হয়েছে। এই কারণে সংসদ নির্বাচনের ভোটার অংশগ্রহণ হার ৫৯.৪৪ শতাংশ হলেও গণভোটে তা ৬০.২৬ শতাংশ হয়েছে।

গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি ভোট দিয়েছেন। বিপরীতে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি। ইসি সচিব বলেন, এটি স্পষ্ট প্রমাণ যে সংশোধন ও পরিবর্তনের পক্ষে জনমত প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

দলভিত্তিক আসন বণ্টন সম্পর্কে তিনি জানান, ২৯৭ আসনের মধ্যে- বিএনপি ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি ৬টি, খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়লাভ করেছেন।

ইসি সচিব আরও জানিয়েছেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে হার্ডকপি চূড়ান্ত ফলাফল না পাওয়া পর্যন্ত গেজেট প্রকাশ করা হবে না। বার্তাশিটের সঙ্গে মিলিয়ে দেখা শেষে একসঙ্গে ডিজিটাল আদেশে গেজেট জারি করা হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, দুই আসনের বিষয়ে কোনো চিঠি নয়, এটি আদালতের নির্দেশনার ভিত্তিতে ফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিশনের হিসাব অনুযায়ী মোট ২৯৯ আসনে ভোট হয়েছে, তবে সংসদীয় ফল ঘোষণা করা হচ্ছে ২৯৭ আসনের।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD