৪৪তম বিসিএসে নন-ক্যাডার পদে নিয়োগ পেলেন ৪১৩৬ জন

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪,১৩৬ জনকে নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা এবং পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নপ্রাপ্তরা ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে নিয়োগ পাবেন।
মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ৯ম গ্রেডের পদে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে। এর মধ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পদে ৩ জন, নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্টার পদে ৮ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পদে ২৯ জন, পাসপোর্ট অধিদপ্তরের ১৪ জন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জন অন্তর্ভুক্ত।
বিজ্ঞাপন
১০ম গ্রেডে জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে কয়েকশ প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক পদে ১৬৩ জন এবং মৎস্য অধিদপ্তরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা পদে ১৮ জন প্রার্থী মনোনীত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, যোগ্য প্রার্থী না থাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইন্সট্রাক্টর (কৃষি ও শারীরিক শিক্ষা) পদে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়েছিল। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হন ১৫,৭০৮ জন এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন প্রায় ৪ হাজার প্রার্থী। এ প্রক্রিয়ার মধ্য দিয়েই চূড়ান্তভাবে নন-ক্যাডার পদের জন্য ৪,১৩৬ জনকে সাময়িকভাবে নিয়োগ দেয়া হলো।








