কাতার-দুবাইসহ ছয় রুটে ৫ মার্চ পর্যন্ত বিমানের সব ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়টি গুরুত্বপূর্ণ রুটে ৫ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সংস্থাটি এ সিদ্ধান্তের কথা জানায়। বাতিল হওয়া গন্তব্যগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা; সৌদি আরবের দাম্মাম; কাতারের দোহা এবং কুয়েত। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উন্নতি হলে বাতিল ফ্লাইটগুলোর নতুন সময়সূচি যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও আকাশপথে নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আকাশপথ বন্ধ থাকায় আন্তর্জাতিক বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট সূচিতে বড় ধরনের বিঘ্ন ঘটে।
পরিসংখ্যান অনুযায়ী, ৩ মার্চ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে কয়েক দিনে ১৪৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে, যার বড় অংশই ছিল মধ্যপ্রাচ্যগামী।
বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে। যাত্রীদের নিয়মিত কল সেন্টার বা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।








