১৮ মার্চ সরকারি ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

আসন্ন শব-ই-কদর এবং ঈদুল ফিতর উদযাপনের প্রেক্ষাপটে আগামী ১৮ মার্চ (বুধবার) একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কার্যবণ্টন বিধিমালা, ১৯৯৬-এর তফসিল অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্ষমতাবলে এই ছুটি নির্বাহী আদেশের মাধ্যমে ঘোষণা করা হয়েছে।
ঘোষিত ছুটির দিনে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবাগুলো এই ছুটির আওতায় অন্তর্ভুক্ত হবে না।
বিজ্ঞাপন
জরুরি সেবার মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী। এছাড়া হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা, চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও ছুটির আওতার বাইরে থাকবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জরুরি কাজের সঙ্গে সংশ্লিষ্ট অফিসগুলোও খোলা থাকবে। ব্যাংক কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আদালতের কার্যক্রম নিয়ে নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।








