পেট্রোল পাম্পে পুলিশি টহল চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

দেশে জ্বালানি তেল বিপণনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। রোববার (৮ মার্চ) পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, কিছু ভোক্তা ও ফিলিং স্টেশন ডিলার অতিরিক্ত তেল সংগ্রহ ও অননুমোদিত মজুদ তৈরি করার চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
বিপিসি জানিয়েছে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তাদের মধ্যে অতিরিক্ত তেল গ্রহণের প্রবণতা দেখা যাচ্ছে। ফলে কিছু ডিলার ডিপো থেকে তুলনামূলক বেশি তেল সংগ্রহের চেষ্টা করছেন। পাশাপাশি কিছু ভোক্তা প্রয়োজনের চেয়ে বেশি তেল সংগ্রহ করে মজুত রাখার চেষ্টা করছেন, যা ফিলিং স্টেশনগুলিতে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলিতে কর্মচারী ও গ্রাহকের মধ্যে বিরূপ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। তাই দেশের সব ফিলিং স্টেশনের নিরাপত্তা বজায় রাখতে এবং তেলের সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিপিসি আগে থেকেই ভোক্তাদের উদ্দেশে এক প্রেস রিলিজে জানিয়েছে, সরবরাহ সীমিতকরণ করা হয়েছে, যাতে জ্বালানি তেলের মজুদ এবং সঠিক বিতরণ নিয়ন্ত্রণ করা যায়। এখন পুলিশের টহল জোরদার হলে ফিলিং স্টেশনগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং অযাচিত ঘটনার সম্ভাবনা কমানো সম্ভব হবে।








