Logo

বৃষ্টির কফিন জড়িয়ে বাবা-মায়ের আহাজারি, বিমানবন্দরে শোকের আবহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১১:১৩
বৃষ্টির কফিন জড়িয়ে বাবা-মায়ের আহাজারি, বিমানবন্দরে শোকের আবহ
ছবি: সংগৃহীত

উচ্চশিক্ষা শেষে পিএইচডি ডিগ্রি নিয়ে স্বপ্নপূরণের গল্প লিখে দেশে ফেরার কথা ছিল নাহিদা সুলতানা বৃষ্টির। কিন্তু সেই ফেরা হলো নিথর দেহ হয়ে, কফিনবন্দি অবস্থায়। যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার এই বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ দেশে পৌঁছানোর পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৃষ্টি হয় হৃদয়বিদারক এক দৃশ্য।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই ট্রানজিট শেষে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে মেয়ের মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন তার বাবা-মা, মামাসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা। সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে একটি হায়েস গাড়িতে করে তারা বিমানবন্দরে পৌঁছান। তখন থেকেই তাদের কান্না আর শোকে ভারী হয়ে ওঠে পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, মরদেহবাহী কফিনটি বিমানবন্দরে আনার পর স্বজনদের আহাজারিতে চারপাশে শোকের আবহ নেমে আসে। কেউ কফিন স্পর্শ করে শেষবারের মতো বৃষ্টিকে ডাকছিলেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে চোখের জল ফেলছিলেন। বাবা-মায়ের কান্না দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

পরিবারের সদস্যরা জানান, বিমানবন্দর থেকে মরদেহ গ্রহণের পর সেটি সরাসরি মাদারীপুরে গ্রামের বাড়িতে নেওয়া হবে। সেখানে বাদ আসর নাহিদা সুলতানা বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবরের পাশেই তাকে দাফন করা হবে।

জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টা ১০ মিনিটে এমিরেটসের ইকে-০২২০ ফ্লাইটে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে-০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছে। মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের টাম্পায় নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে আনা হয়েছিল।

বিজ্ঞাপন

নিহত জামিল আহমেদ লিমন খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চশিক্ষা নিচ্ছিলেন।

গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তদন্তে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জামিলের রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD