Logo

১২৮ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১১১ বাংলাদেশি হজযাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মে, ২০২৬, ১৭:১০
১২৮ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার ১১১ বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১২৮টি ফ্লাইটে ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শনিবার সকাল ১০টা পর্যন্ত বাংলাদেশ থেকে পরিচালিত ১২৮টি হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় অবতরণ করেছে। হজ কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সৌদি আরবে অবস্থানরত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং দুইজন নারী। মৃতদের মধ্যে ১০ জন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৃত্যুগুলো স্বাভাবিক কারণে হয়েছে।

চিকিৎসাসেবার বিষয়েও বুলেটিনে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ১৮ হাজার ৯৮৭ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে চিকিৎসা সহায়তা পেয়েছেন আরও ১৩ হাজার ১১ জন।

হজ অফিসের পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের ব্যবস্থাপনায় কাজ করছে মোট ৬৬০টি হজ এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিজ্ঞাপন

এয়ারলাইনসভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে সবচেয়ে বেশি ২৩ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে ১৮ হাজার ৯২ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন যাত্রী পরিবহন করা হয়েছে।

অবশিষ্ট ২৮ হাজার ২৬২ জন হজযাত্রীও পর্যায়ক্রমে নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করছে হজ কর্তৃপক্ষ।

এর আগে গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। বিজি-৩০০১ নম্বরের ওই ফ্লাইটে ৪১৮ জন হজযাত্রী ছিলেন। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

হজ অফিস সূত্রে জানা গেছে, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

এদিকে ঢাকাস্থ সৌদি দূতাবাস ইতোমধ্যে ৭৮ হাজার ৩৭৩টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯১৯টি ভিসা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD