Logo

মন্ত্রিসভায় আসতে পারে রদবদল, আলোচনায় রয়েছে নতুন মুখ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ মে, ২০২৬, ১৪:৫৮
মন্ত্রিসভায় আসতে পারে রদবদল, আলোচনায় রয়েছে নতুন মুখ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় শিগগিরই পরিবর্তন আসতে পারে—রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা জোরালো হচ্ছে। মন্ত্রিসভার আকার বাড়ানো, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে চলছে নানা আলোচনা।

বিজ্ঞাপন

বর্তমানে ৫০ সদস্যের মন্ত্রিসভা নিয়ে সরকার পরিচালিত হলেও রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সময়ের সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে। অতীতেও বিএনপি নেতৃত্বাধীন সরকারে এমন নজির রয়েছে। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমে ৪৬ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছিলেন। পরে সেই মন্ত্রিসভার আকার বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মন্ত্রিসভায় পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া।

বিজ্ঞাপন

তিনি বলেন, এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়। প্রয়োজনে প্রধানমন্ত্রী নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন কিংবা কারও দায়িত্ব পরিবর্তন করতে পারেন। তবে কখন, কীভাবে বা আদৌ পরিবর্তন হবে কি না—সেই সিদ্ধান্ত একমাত্র প্রধানমন্ত্রীর।

অন্যদিকে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাতও সম্ভাব্য রদবদল নিয়ে সরাসরি কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের আলোচনা দেখা যাচ্ছে, তবে সরকারিভাবে এখনো কিছু জানানো হয়নি।

বর্তমানে মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে পালন করছেন অন্তত ৮ জন মন্ত্রী ও ৩ জন প্রতিমন্ত্রী। এতে প্রশাসনিক চাপ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সরকারের কার্যক্রম আরও গতিশীল করতে এবং মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্বের ভার কমাতে নতুন কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার চিন্তা চলছে বলে রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

সম্ভাব্য নতুন মুখ হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা ও সংসদ সদস্যের নাম রাজনৈতিক অঙ্গনে ঘুরে বেড়াচ্ছে। আলোচনায় রয়েছেন— আবদুল মঈন খান, বরকত উল্লাহ বুলু, জয়নুল আবদিন ফারুক, এরশাদ উল্লাহ, বি এম মোশাররফ হোসেন, গোলাম মোহাম্মদ সিরাজ এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিমা রহমান।

বিজ্ঞাপন

এছাড়া টেকনোক্রেট কোটায় মোয়াজ্জেম হোসেন আলাল, মাহিদুর রহমান এবং শামসুজ্জামান দুদুর নামও সম্ভাব্য মন্ত্রিসভা সদস্য হিসেবে আলোচনায় এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মন্ত্রিসভা সম্প্রসারণ হলে সেখানে অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি সাংগঠনিকভাবে সক্রিয় ও প্রশাসনিক দক্ষ ব্যক্তিদেরও গুরুত্ব দেওয়া হতে পারে। একই সঙ্গে দলীয় ভারসাম্য রক্ষা, অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব এবং সরকারের কাজের গতি বাড়ানোর বিষয়ও বিবেচনায় থাকবে।

তবে এখন পর্যন্ত সরকার বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। ফলে সম্ভাব্য রদবদল ও নতুন নিয়োগ নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD