দেশে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।
বিজ্ঞাপন
সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন।
তিনি জানান, দেশের বিভিন্ন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি সর্বসম্মতিক্রমে আগামী মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত ওই সভায় চাঁদ দেখার বিভিন্ন তথ্য পর্যালোচনা করা হয়। পরে নিশ্চিত হওয়া গেলে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এদিকে সৌদি আরবেও ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। রোববার সেখানে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে নতুন মাস শুরু হয়েছে। সে হিসেবে দেশটিতে আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হবে এবং ২৭ মে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ আরও কয়েকটি মুসলিমপ্রধান দেশও একই তারিখে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে।








